Latest News

March 30, 2026

প্রথম চার্জশিট তো মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত : মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথম চার্জশিট তো মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নারায়ণগড়ের প্রার্থী প্রতিভা মাইতির সমর্থনে বেলদায় জনসভা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ:

মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনের মাটি, এখানে স্বাধীনতার আগেই স্বাধীন সরকার হয়েছিল। এটা সংগ্রামের মাটি। আন্দোলনের মাটি। আমি এখানকার প্রত্যেকটা রাস্তাঘাট চিনি। সিপিএম এখানে অনেক খুন, অত্যাচার করেছে।

ওরা বলছে চারটে তালিকা নাকি বেরিয়ে গিয়েছে। একটাও চোখে দেখতে পাইনি। চক্রান্ত চলছে।

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক টাকাও দেয়নি। আমরা কাজ শুরু করেছি। দেড় হাজার কোটি টাকা দিয়ে দিয়েছি।

মেদিনীপুরে অনেক অত্যাচার করেছে সিপিএম। অনেক খুন করেছে। আমি যখন বিরোধী ছিলাম, অনেক সয়েছি। এখন তো রাজ্যে বিরোধীরা নেচে বেড়াচ্ছে। দুধেভাতে আছে। কোনও মিছিল বা মিটিং আমরা আটকাই না। কারণ গণতন্ত্রকে শ্রদ্ধা করি।

প্রথম চার্জশিট তো মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত। ওঁরা অশান্তি লাগিয়ে ক্ষমতায় এসেছেন।

প্রশাসনে ভাগাভাগি আগে কোনও দিন ছিল না। ভাল ভাল অফিসারদের সরিয়ে দিচ্ছে, যারা কাজ করত।

আমার নিজের আধার কার্ড করতেও চার ঘণ্টা সময় লেগেছে। আর এখন বলছে, নো পপ আপ! যাদের কাছ থেকে আধার কার্ডের জন্য টাকা নিয়েছে, ফেরত দিতে হবে। আগে নোটবন্দির জন্য লাইন দিতে হয়েছে। এখন ভোটবন্দির জন্য। এসআইআর মানেই সর্বনাশ। বিজেপির জেতার কোনও সম্ভাবনা নেই। চক্রান্ত হচ্ছে।

স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে কোনও ধর্ম, বর্ণ, জাতি আমরা দেখি না। বিজেপিশাসিত রাজ্যে লক্ষ্মীর ভান্ডার টুকলি করেছিল। তাতেও বলেছে ফোন থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না। এখানে কোনও শর্ত নেই। সকলে পান। লক্ষ্মীর ভান্ডার এখনও যাঁরা পাননি, কাজ চলছে। সকলেই পেয়ে যাবেন।

এখানে আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি। অন্যদেরও তো সুযোগ দিতে হয়। কখনও কখনও সংখ্যালঘুদের, মেয়েদেরও সুযোগ দিতে হয়। কেউ যদি মনে করেন, আজীবন আমি একা থাকব আর কেউ থাকবে না, তা ভুল। সকলকে নিয়ে চলতে হবে। দল সকলের জন্য। ভাল কাজ করুন। করলে টিকিট পাবেন। যে কাজ করবেন না, দলকে তো সিদ্ধান্ত নিতেই হবে। টিকিট পাননি বলে আপনাকে বিরোধিতা করতে হবে, তা নয়। একটা আসন তো এক জনকেই দেওয়া যায়। সকলেই সম্মান পাবেন দল থেকে।