মে ১৫, ২০২৬
শনিবার থেকেই ‘ঘরছাড়াদের’ পাশে দাঁড়াবে দলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’

গত ৪ মে ভোটের ফলাফলের পর থেকেই জেলায় জেলায় ঘরছাড়া একাধিক তৃণমূল কর্মী-সমর্থকরা। সেইসকল মানুষদের পাশে দাঁড়াতে এ বার তিনটি বিশেষ ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ (Fact Finding Team) বা তথ্য অনুসন্ধানকারী দল গঠন করল তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার (১৬ মে, ২০২৬) কালীঘাটে জয়ী ও পরাজিত সব প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকেই এই দলগুলি বিভিন্ন জেলায় আক্রান্তদের বাড়ি পরিদর্শন করবে। দেখা করবে ‘বিজেপি-র দুষ্কৃতীদের হাতে’ নিহত ও ঘরছাড়া হওয়া কর্মীদের পরিজনদের সঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুর এই তিন জেলার জন্য তিনটি দল গঠন করা হয়েছে যেখানে রয়েছেন মূলত সাংসদ ও দক্ষ সংগঠকরা। শনিবার থেকেই জেলা সফরে যাবে এই প্রতিনিধি দলগুলো।
প্রথম দল: রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সাজদা আহমেদ। এছাড়াও শ্রীরামপুরের বিধানসভা প্রার্থী তন্ময় ঘোষ থাকছেন এই দলে।
দ্বিতীয় দল: আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য এই দলে রয়েছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন ও মহম্মদ নাদিমুল হক, লোকসভার সাংসদ ডাঃ শর্মিলা সরকার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা সুশোভন রায়।
তৃতীয় দল: এই দলটি মূলত আদিবাসী ও তরুণ মুখদের নিয়ে গঠিত – রয়েছেন লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সামিরুল ইসলাম এবং নেত্রী বীরবাহা হাঁসদা। এছাড়াও থাকছেন উত্তরপাড়ার বিধানসভা প্রার্থী তথা আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় অথবা সুমন ভট্টাচার্য এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সৈয়দ তনভীর নাসরিন।
দলীয় কর্মীদের উদ্দেশ্যের এদিন নেত্রী বলেন, “ব্লক, টাউন, অঞ্চলে মিটিং মিছিল ছোট করে শুরু করুন। ঘরছাড়াদের তালিকা জমা দিন কালীঘাটে। চন্দ্রিমা ভট্টাচার্য আইনি সহায়তার কাজে সাহায্য করবে। আইন সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ করবেন।”
