October 29, 2026
পয়লা নভেম্বর দিল্লিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত কর্মসূচিতে বক্তা হিসেবে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরের দিল্লি রওনা হওয়ার কথা, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বর আমন্ত্রণে সাড়া দিতেই তাঁর রাজধানী সফর।
ভোটচুরির অভিযোগকে কেন্দ্র করে গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের নেতারা একজোট হয়ে উপস্থিত থাকবেন বলে সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন তিনি। শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যেও ভোট লুটের অভিযোগ তুলে সংশ্লিষ্ট মহলের জবাবদিহি দাবি করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সমাজমাধ্যমে দেওয়া বার্তায় নেত্রী লিখেছেন, ভোট চুরির বিরুদ্ধে লড়াই আসলে প্রত্যেক ভারতীয়ের নিজের প্রতিনিধি নির্বাচনের অধিকার রক্ষার লড়াই। ইভিএমের নির্ভরযোগ্যতা, ভোটারদের তথ্য, নির্বাচনী তালিকা এবং ভোট গণনা – এই চারটি বিষয় নিয়েই প্রশ্ন তুলে সরব হয়েছেন তিনি। তাঁর দাবি, এই বিষয়গুলিতে ওঠা অভিযোগের জবাব দেওয়া প্রয়োজন।এই লড়াইয়ে ছাত্রছাত্রী, যুবসমাজ, মহিলা, শ্রমিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর বার্তা, ভোটাধিকার যখন প্রশ্নের মুখে, তখন নীরব থাকার কোনও সুযোগ নেই।
সংসদের বাইরে প্রতীকী অধিবেশনের মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার দিল্লিতে আয়োজিত ‘ডেমোক্রেসি মার্চ’-এ যোগ দেবেন তৃণমূলের সাংসদদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধিত্ব করবেন সাংসদ সৌগত রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ এবং নাদিমুল হক।