মে ২৬, ২০২৬
আন্তর্জাতিক হকার দিবসে 'ক্রুদ্ধ' মমতা বন্দ্যোপাধ্যায়, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়

আজ ২৬ মে, আন্তর্জাতিক হকার দিবস। কিছুদিন আগেই স্টেশন চত্বর পরিষ্কার রাখতে বড়সড় পদক্ষেপ নেয় রেল। শুরুটা হয়েছিল বালি হল্ট স্টেশন দিয়ে। কিছুদিন আগে হাওড়া স্টেশনে আরপিএফ-এর বিশাল বাহিনী নিয়ে চালানো হয় মেগা উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সাবওয়ে ও ডিআরএম অফিসের সামনে থাকা বেআইনি দোকানপাট এবং ঝুপড়ি। একই ধরনের অভিযান দেখা গিয়েছে শিয়ালদহ স্টেশন চত্বরেও, যেখানে স্টেশনের বড় অংশ খালি করে দেওয়া হয়েছে। যদিও রেল সূত্রে দাবি, যাত্রী নিরাপত্তা ও স্টেশনের সৌন্দর্যায়নের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আচমকা এই উচ্ছেদ অভিযানের ফলে বহু প্রান্তিক হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বিশ্বজুড়ে যখন ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের অবদানকে সম্মান জানানো হচ্ছে, তখন বাংলায় হকার উচ্ছেদ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র আকার নিয়েছে। সম্প্রতি শিয়ালদহ থেকে হাওড়া – রাজ্যের দুই গুরুত্বপূর্ণ রেলস্টেশন চত্বরে হকারদের বিরুদ্ধে কড়া উচ্ছেদ অভিযানের ছবি সামনে এসেছে। আর এই বিশেষ দিনেই সেই অভিযানের তীব্র সমালোচনা করে এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে হকারদের প্রতি সমবেদনা জানিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানান নেত্রী। উচ্ছেদ অভিযানের জেরে যেভাবে বহু পরিবার পথে বসছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, “যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বিজেপি সরকার হকারদের উপর অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ করছে, তাদের দোকান ভেঙে দিচ্ছে, তাদের চোখের জলকে তোয়াক্কা না করে তাদের পথে বসাচ্ছে সেটা দেখে আমি বিস্মিত, ক্রুদ্ধ, মর্মাহত। অত্যাচারীরা এর জবাব নিশ্চয়ই পাবে। ফুটপাথের এই ক্ষুদ্র ব্যবসায়ীরা স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।”
হকারদের আইনি অধিকারের প্রশ্ন তুলে নিজের সমাজ মাধ্যমের পোস্টে লিখেছেন, “ফুটপাথচলতি মানুষের যাতায়াতের অধিকার এবং হকারদের জীবন-জীবিকার অধিকার, এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সুপ্রিম কোর্ট অতীতে একাধিক ঐতিহাসিক রায় দিয়েছে। ১৯৮৯ সালের ‘সোদান সিং’ মামলা বা ২০১০ সালের ‘গেন্দা রাম’ মামলার হাত ধরেই দেশে তৈরি হয়েছিল ‘স্ট্রিট ভেন্ডর (সুরক্ষা ও নিয়মকানুন) আইন, ২০১৪’। আকস্মিক উচ্ছেদ বেআইনি। কোনও বিকল্প পরিকাঠামো বা সমীক্ষা ছাড়া খামখেয়ালিভাবে হকার উচ্ছেদ করা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের (জীবন ও জীবিকার অধিকার) পরিপন্থী।”
পাশাপাশি, টাউন ভেন্ডিং কমিটির (TVC) কথাও বলেছেন তিনি। হকারদের পুনর্বাসন বা নিয়ন্ত্রণের পুরো প্রক্রিয়াটি গণতান্ত্রিক উপায়ে টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমেই হওয়া উচিত বলে লিখেছেন তিনি।
https://x.com/MamataOfficial/status/2059183244332150994?s=20