সাম্প্রতিক খবর

মে ১৬, ২০২৬

আগুন লাগিয়ে দেওয়া হল অ্যাথলিট স্বপ্না বর্মণের বাড়িতে, বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আগুন লাগিয়ে দেওয়া হল অ্যাথলিট স্বপ্না বর্মণের বাড়িতে, বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শুক্রবার (১৫ মে, ২০২৬) রাতের অন্ধকারে এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণের (Swapna Barman) বাড়িতে আগুন লাগার ঘটনাকে ঘিরে জলপাইগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় স্বপ্নার দুটি বাড়ি রয়েছে। এর মধ্যে একটিতে তিনি পরিবারের সঙ্গে থাকেন, আর অন্যটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ সেই ফাঁকা বাড়িটিতেই আচমকা আগুন লাগে। ঘটনার কথা স্বপ্না নিজেই ফেসবুকে পোস্ট করতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাইরে তখন প্রবল বৃষ্টি চলায় আগুন চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার রাতের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বপ্না লিখেছেন, “আগে যদি জানতাম এমনটা হবে তাহলে আমি সত্যিই আসতাম না, আজকে আমার বাড়িটাও জ্বালিয়ে দিলো।”

স্বপ্নার অভিযোগ, এই দুর্ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, এই অগ্নিকাণ্ডের নেপথ্যে পরিচিতদের দিকেই আঙুল তুলেছেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের সদ্য পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ। ঘটনার পর চরম আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ”রাজনীতিতে আসাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। যারা দু’দিন আগেও পাশে ছায়ার মতো ঘুরত, আজ তারাই মুখ ঘুরিয়ে নিয়েছে।” ভোটের ফলাফলের পর ইদানীং তাঁকে লক্ষ্য করে চরম কুকথা ছুড়ে দেওয়া হচ্ছে, এমনকি কিছু কমবয়সী ছেলে তাঁকে গণধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছে বলে অভিযোগ করেন রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী।

এই ঘটনার নেপথ্যে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিষেক লিখেছেন, “ভারত তোমাকে রক্ষা করতে পারল না। আজকে বিজেপির গুণ্ডারা স্বপ্নার বাড়িতে আগুন লাগিয়ে দিল। একটু ভাবুন! যে অ্যাথলিট দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন, আজ তাঁকে হিংসা, ভয় আর হুমকির মুখোমুখি হতে হচ্ছে— কেবল এই কারণে যে তিনি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। বিজেপির নজরদারিতে এটাই কি আজকের কঠিন বাস্তবতা? এই ‘পরিবর্তন’-এর কথাই কি ওরা দিয়েছিল? বিজেপি সরকারকে এর জবাব দিতে হবে।”

উদ্বেগ প্রকাশ করে অভিষেক লিখেছেন, “তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার অর্থ যদি এখন নিজের নিরাপত্তা, পরিবার এবং নিজের বাড়িকে ঝুঁকিতে ফেলা হয়, তবে দেশ হিসেবে আমরা কোন দিকে এগোচ্ছি?”