সাম্প্রতিক খবর

মে ২৯, ২০২৬

NEET, CBSE-র পর SSC GD - যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে বিজেপি: অভিষেক

NEET, CBSE-র পর SSC GD - যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে বিজেপি: অভিষেক

নিট (NEET) প্রশ্নফাঁস ও সিবিএসই (CBSE)-র খাতা মূল্যায়ন ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের আবহ এখনও থামেনি। তার মধ্যেই এবার সামনে এল স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি (SSC GD) কনস্টেবল নিয়োগ পরীক্ষাকে ঘিরে চরম বিশৃঙ্খলার অভিযোগ। কেন্দ্রীয় নিয়োগ প্রক্রিয়া ও দেশের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এই ইস্যুকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর অভিযোগ, দেশের কোটি কোটি যুবক-যুবতীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্রের সরকার। মেধা ও পরিশ্রমের মূল্য বারবার প্রশ্নের মুখে পড়ছে, আর এই ‘পরিকল্পিত অব্যবস্থা’ আর মেনে নিতে রাজি নয় দেশের যুবসমাজ। সোশ্যাল মিডিয়ায় করা এক দীর্ঘ ও কড়া বার্তায় তরুণ প্রজন্মের হতাশা, ক্ষোভ ও মানসিক চাপের বিষয়টিও তুলে ধরেছেন তিনি।

তিনি লিখেছেন, “নিট (NEET) প্রশ্নফাঁস থেকে সিবিএসই (CBSE) পরীক্ষার অনিয়ম, আর এবার এসএসসি জিডি (SSC GD) নিয়োগ বিতর্ক – ভারতের যুবসমাজকে ঠেলে দেওয়া হচ্ছে উদ্বেগ, অনিশ্চয়তা এবং প্রতারণার এক দুষ্টচক্রে। কোটি কোটি ছাত্রছাত্রী বছরের পর বছর কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নেয়। ঘুম, অর্থ, মানসিক শান্তি এবং পরিবারের প্রত্যাশা সবকিছু ত্যাগ করে তারা এই আশায় থাকে যে তাদের পরিশ্রমই ভবিষ্যৎ গড়বে। কিন্তু বিনিময়ে তারা কী পাচ্ছে?

প্রশ্নফাঁস। প্রযুক্তিগত ত্রুটি। চরম অব্যবস্থা। অতিরিক্ত ভিড়ের পরীক্ষাকেন্দ্র। ভেঙে পড়া ব্যবস্থা।

৪৬ লক্ষ পরীক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে এসেছিল। কিন্তু পরীক্ষা ব্যবস্থায় মানুষের বিশ্বাসটাই উঠে গিয়েছে। এটা আসলে ইচ্ছাকৃতভাবে মেধাকে ধ্বংস করার চেষ্টা। একটা গোটা প্রজন্ম বিশ্বাস করছে তারা যতই পড়াশোনা করুক না কেন সিস্টেমের গাফিলতিতে তারা ব্যর্থ হবেই। দেশ গঠন নয়, পরীক্ষার দুর্নীতি নিয়ে খবর হচ্ছে বিজেপির ভারতে। যে সরকার পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে পারে না তারা দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না।”

অভিষেকের কথায়, “পরিশ্রমের পুরস্কার হিসেবে যুবসমাজ আজ কী পাচ্ছে? শুধু প্রশ্ন ফাঁস, যান্ত্রিক ত্রুটি, চরম অব্যবস্থা, গাদাগাদি ভিড়ে ঠাসা পরীক্ষা কেন্দ্র আর এক ভেঙে পড়া সিস্টেম!” তাঁর অভিযোগ, “পরীক্ষা কেন্দ্রগুলিতে সার্ভার ডাউন হয়ে যাওয়া, চূড়ান্ত বিশৃঙ্খলা এবং নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর খামতি থাকার যে সমস্ত রিপোর্ট সামনে আসছে, তা পরীক্ষা ব্যবস্থার ওপর থেকে আমজনতার বিশ্বাসকে আরও একবার পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। এটা স্রেফ অব্যবস্থা নয়, এটা হল সুপরিকল্পিতভাবে মেধার গলা টিপে হত্যা করা। ভারতীয় জনতা পার্টির (BJP) শাসনে আজ পরীক্ষাগুলো দেশ গড়ার বা তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করার হাতিয়ার হচ্ছে না, বরং স্ক্যাম ও জালিয়াতির কারণে সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে। নিট (NEET) পরীক্ষা সিস্টেমের ভেতরের ফাটলগুলোকে সবার সামনে এনে দিয়েছিল। আর এখন একটার পর একটা সরকারি নিয়োগ পরীক্ষা প্রমাণ করে দিচ্ছে যে এই পুরো ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঠিক কতটা পচন ধরেছে।”

অভিষেকের কথায়, এ দেশের পড়ুয়ারা সরকারের কাছে কোনও বাড়তি সুযোগ বা দাক্ষিণ্য ভিক্ষা করছে না, তারা শুধু একটা সৎ, স্বচ্ছ এবং নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা চাইছে, যেখানে মেধার সঠিক মূল্যায়ন হবে। মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে অভিষেক লিখেছেন, “যে সরকার দেশের পরীক্ষা ব্যবস্থার ন্যূনতম সততা ও স্বচ্ছতা রক্ষা করতে পারে না, তারা কোন মুখে দেশের ভবিষ্যৎ রক্ষা করার দাবি করে? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই খেলা অবিলম্বে বন্ধ করুন। প্রাতিষ্ঠানিক ব্যর্থতাকে স্বাভাবিক ঘটনা হিসেবে চালানো বন্ধ হোক। দেশের পাবলিক ইনস্টিটিউশন বা সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের যেটুকু বিশ্বাস অবশিষ্ট আছে, তা দয়া করে ধ্বংস করবেন না। এই দেশের যুবসমাজ কিন্তু সবকিছু লক্ষ্য করছে। আর সময় এলে তারা এ কথা ঠিক মনে রাখবে।”

https://x.com/abhishekaitc/status/2059884856344256791