মে ২১, ২০২৬
"গণতন্ত্রের কণ্ঠরোধ", সরকারি কর্মচারীদের মুখ বন্ধের নির্দেশিকা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

সরকারি কর্মীরা প্রকাশ্যে আর সরকার বিরোধী মন্তব্য করতে পারবেন না, এমনই নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার তথা বাংলার নতুন ডবল ইঞ্জিন সরকার। সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘোষণা করা হয়েছে।
সরকারের এই নিষেধাজ্ঞা আরোপ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, সম্পূর্ণ নিষেধাজ্ঞাটিকে একটি সতর্কবার্তা হিসেবে মনে হচ্ছে। এই বিজ্ঞপ্তি শাসনব্যবস্থাকে রক্ষা করার জন্য নয়, বরং সমগ্র জুড়ে সরকারি কর্মচারীদের মুখ বন্ধ করতে, তাদের নীরবতা নিশ্চিত করতে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলা যাবে না। কোনও প্রবন্ধ বা লেখালেখি করা যাবে না। মিডিয়ার কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে না। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো সমালোচনা করা যাবে না। এমন কোনো অভিব্যক্তি প্রকাশ করা যাবে না যা দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে।”
বিজেপিকে (BJP) আক্রমণ করে তাঁর অভিযোগ, “বিজেপির রিমোট-কন্ট্রোল শাসনে, নীরবতাই এখন প্রশাসনিক ক্ষেত্রে এক প্রধান শর্ত। এই বিজ্ঞপ্তিটি শৃঙ্খলার জন্য নয়, এটি আসলে মুক্ত অভিব্যক্তিকে খর্ব করার ও মৌলিক অধিকারের শ্বাসরোধ করার একটি পরিকল্পিত চক্রান্ত। যাতে দিল্লির প্রভুদের প্রতি সম্পূর্ণ আনুগত্য নিশ্চিত করা যায়। সেটাই ভাবুন যা আপনাকে ভাবতে বলা হচ্ছে। তখনই কথা বলুন যখন অনুমতি দেওয়া হচ্ছে।”
শেষে অভিষেক লিখেছেন, “একটি সরকার যখন সমালোচনা সহ্য করতে পারে না, তখন সে ভিন্নমতকে দমন করতে শুরু করে। সেটা শক্তি প্রদর্শন নয়, সেটা হল গণতন্ত্রের টুঁটি চেপে ধরা!”
https://x.com/abhishekaitc/status/2057331580914507918?s=20