September 30, 2026
জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে এই আন্দোলন অনেক দূর পর্যন্ত যাবে: মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠক হয়। বৈঠকে যোগ দিয়েছিলো ১৯টি দল। বেলা ১১টা থেকে বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক চলে। দীর্ঘ বৈঠকের পর দুপুর আড়াইটে নাগাদ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক বৈঠক করে ভবিষ্যৎ কর্মসূচির ঘোষণা করে। সেখানে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিকদের নেত্রী জানান, “INDIA জোট একসাথে রয়েছে। যে বড় স্ক্যাম হয়েছে, এটা একটা স্ক্যান্ডেলাস ম্যাটার, যার জন্য জনগণ ভুগছে। বিহারে যে ভোট চুরির কথা রাহুল গান্ধী, তেজস্বী যাদব বলেছিলেন। ২০২৪-এ ভোট চুরি করেই জিতেছে বিজেপি। মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার, বাংলায় ভোট লুঠ করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে গেছি, সুপ্রিম কোর্টেও গেছি। সব দরজায় গিয়ে নক করেছিলাম। আর এখন তো এটা পরিষ্কার হয়ে গেছে যে, ভ্যানিশ কুমার চোর, ডাকাতি করে ভোট চুরি করেছে। ইভিএম মেশিন হাইজ্যাক করেছে, মেশিন জ্বালিয়ে দিয়েছে, কাউন্টিং এ রিগিং করেছে, কি করেনি! অবিলম্বে ওনার পদত্যাগ করা উচিত।”
তিনি বলেন, “গণতন্ত্রকে আমাদের বাঁচাতে হবে। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে। ভোটদান আমাদের সাংবিধানিক অধিকার। মানুষ যদি ভোট দিতে না পারে, তাদের ভোট যদি লুঠ করা হয়, তাহলে দেশের কী হবে? আমাদের দাবি, ভ্যানিশ কুমারকে রিমুভ না করলে এই আন্দোলন অনেক দূর পর্যন্ত যাবে। কেন ইভিএম মেশিন জ্বালালেন? সীমা খান্না কে? কোথা থেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এনে সফটওয়্যার বানিয়ে সব লুঠ করে নিয়েছে। বাংলায় ৯২ লক্ষ ভোট লুঠ করেছে, সারা ভারতে ১৩ কোটির বেশি ভোট লুঠ করেছে। পুরো সিস্টেম নষ্ট করে দিয়েছে, এনার এক মিনিটও চেয়ারে থাকার যোগ্যতা নেই, অবিলম্বে ওনাকে ইস্তফা দিতে হবে। ইন্ডিয়া জোটের সব কর্মসূচিতে আমরা সামিল হবে। আমরা লড়ব, জিতবো, গণতন্ত্র ফেরত আসবে, সংবিধান রক্ষা হবে, এর জন্য প্রয়োজন হলে মরতেও রাজি। আমি জনগণ থেকে শুরু করে সকলের সমর্থন চাইছি।”
উল্লেখ্য, ‘ভোটচুরির’ প্রতিবাদে এবং জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে অক্টোবর এবং নভেম্বরে সারা দেশজুড়়ে পাঁচটি সভা করবে ‘ইন্ডিয়া’ জোট। ২ অক্টোবর, গাঁধীজয়ন্তীর দিন থেকে ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ কর্মসূচি শুরু হবে, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ৬ অক্টোবর নির্বাচন কমিশনের সদর দফতরে মিছিল করে যাবেন বিরোধী সাংসদরা। এছাড়া, অক্টোবর-নভেম্বরে মোট পাঁচটি বড় সভা হবে, যার সময় এবং স্থান পরে ঠিক হবে। আগামী ১ নভেম্বর দিল্লিতে একটি বড় কর্মসূচি হবে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য তাঁর কাছে সময় চাইবেন বিরোধী দলনেতা।
ইন্ডিয়া জোটের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “এ কথাগুলো এতদিন বিভিন্ন রাজনৈতিক দল বলছিল, এখন বলছেন কমিশনের সদস্যরাই। নিশ্চিতভাবে তাদের কাছে এই বক্তব্যের স্বপক্ষে প্রমাণ আছে। দেশে ভোট চুরি হয়েছে। একের পর এক রাজ্যে ভোট কেটে বিজেপি জিতেছে। বাংলায় আরও বেশি হয়েছে।”